নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের জ্বালানি তেলের মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনাকীর্ণ এলাকায় ড্রামে করে ডিজেল মজুত ও বিক্রি করা হচ্ছে। এ অপরাধে রহমত আলী নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও একই বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক বলেন, দাহ্য পদার্থ যেমন ডিজেল বা পেট্রোল বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব জ্বালানি বিক্রি করছেন, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৃশ্যপট নিউজ / NA





