ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে এবং ওই ঘটনার জেরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভৈরবকে দ্রুত জেলা ঘোষণার দাবিও জানানো হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে দশটায় ভৈরব শহরের দূর্জয় মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দূর্জয়মোড়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভৈরবের শান্তিপূর্ণ জেলা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। রেলস্টেশনে যে ঘটনাটি ঘটেছে, তা জনগণের আন্দোলন নয়—বরং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি অপচেষ্টা।
বক্তারা আরও বলেন, ভৈরববাসীর ন্যায্য দাবি—ভৈরবকে জেলা ঘোষণা করা হোক। প্রশাসনের উচিত জনগণের এ দাবি দ্রুত বাস্তবায়ন করা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভৈরব জেলা ঘোষণার বিষয়টি নিয়ে আর বিলম্ব করা হলে, আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলন চলবেই—জেলা না হওয়া পর্যন্ত।










Leave a Reply