ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশনের ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটার জ্বালানিতে প্রায় ৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় কমলপুর এলাকার মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনেও পরীক্ষা চালানো হয়। সেখানে ডিসপেনসিং ইউনিটে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএসটিআই।

অভিযানের সময় উপস্থিত কয়েকজন মোটরসাইকেল, বাস ও ট্রাকচালক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মোটরসাইকেল চালক সোহেল মিয়া বলেন,আমরা নিয়মিত এই পাম্প থেকে তেল নেই। অনেক সময় মনে হতো তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি হয়তো মাপে কম দিত।
ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি বাসের চালক আব্দুল কাদের বলেন,গাড়িতে তেল নেওয়ার সময় আমরা মিটারের ওপরই ভরসা করি। কিন্তু যদি সেখানে কম দেওয়া হয়, তাহলে তো আমাদের বড় ক্ষতি হয়। প্রশাসনের এমন অভিযান নিয়মিত হওয়া দরকার।
এক ট্রাকচালক মো. রবিউল ইসলাম বলেন,দীর্ঘপথে গাড়ি চালাতে গিয়ে যদি তেল কম দেওয়া হয়, তাহলে মাঝপথে সমস্যায় পড়তে হয়। তাই পাম্পগুলো নিয়মিত পরীক্ষা করা খুবই জরুরি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) এএফএম হাসিবুল হাসান, পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে এবং ভৈরব থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন,ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে মাপে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৃশ্যপট নিউজ / NA






