নাজির আহমেদ আল-আমিন
জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনা শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভৈরব উপজেলা শাখার সদস্যরা।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইনসাফ চাই, বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে মশাল মিছিলটি বাসস্ট্যান্ড ফল মার্কেট এলাকায় অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গালর্স স্কুল প্রদক্ষিণ করে দূর্জয় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা ওসমান হাদীর ওপর হামলার বিচার চাই এবং সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না,সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এসময় সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন শরিফুল হক জয় (সাংগঠনিক সম্পাদক, এনসিপি কিশোরগঞ্জ জেলা), মাহবুব রহমান (যুগ্ম আহ্বায়ক, এনসিপি কিশোরগঞ্জ জেলা), আরিফুল ইসলাম (প্রধান সমন্বয়কারী, কুলিয়ারচর উপজেলা), ইঞ্জিনিয়ার ডালিম (প্রধান সমন্বয়কারী, আশুগঞ্জ উপজেলা), জারিফ রহমান আজাদ (মুখপাত্র, বাজিতপুর উপজেলা) এবং মানিক মিয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবশক্তি কিশোরগঞ্জ জেলা)।
এছাড়াও উপস্থিত ছিলেন রিসান কবির ও ইফতি সিকদার শাহরুখ (প্রতিনিধি, এনসিপি ভৈরব উপজেলা)সহ মোহাম্মদ সোহেল, আশিক, আশরাফুল ইসলাম, বাপ্পি মজুমদার, আবির, নিলয় ও হুসাইনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধার ওপর সশস্ত্র হামলা দেশ ও জনগণের জন্য অশুভ বার্তা বহন করে। এটি পরিকল্পিতভাবে প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখার অপচেষ্টা। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন, আমরা জীবন দিতে শিখে গেছি,যদি হাদির মতো আরও এমন করে তাহলে তাহলে আর কারও রক্ষা হবে না।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার মধ্য দিয়ে মশাল মিছিলের সমাপ্তি ঘটে।







