নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ’ মন্তব্য করার অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এই আবেদনের শুনানি হয় বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম।
তিনি জানান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রথম সদস্য উপস্থিত না থাকায় দ্বিতীয় সদস্য আগামী রোববার নতুন তারিখ ধার্য করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের শুনানি করেন গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও মিজানুল ইসলাম। এ সময় অন্যান্য কৌঁসুলিরাও উপস্থিত ছিলেন।
তামিম বলেন,অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কন্টেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
কৌঁসুলি মিজানুল ইসলাম জানান, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল।
তার ভাষায় তিনি বলেন, এই ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করতে পারে না’। তিনি আরও বলেন, প্রসিকিউশন তৃতীয় কোনো পক্ষের সঙ্গে সমঝোতায় এই জাজমেন্ট বা প্রসিডিংস চলছে’।
মিজানুল ইসলাম বলেন, আদালত অবমাননা প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, অথবা পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ২৬ অগাস্ট বিএনপি ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম)আসনে ফজলুর রহমানের নাম রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগ দেন। তিনি প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন।
এর আগেও তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।







