কটিয়াদিতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কটিয়াদিতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকাল সাড়ে দশটায় কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহযোগিতায় ছিল ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ঈসা খান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সোলায়মান, ফারজানা আক্তার, কাউসার আহমেদসহ কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের প্রতি অবহেলা করলে তা দৃষ্টিশক্তি হ্রাস বা অন্ধত্বের কারণ হতে পারে। নিয়মিত চোখ পরীক্ষা, সঠিক পুষ্টি গ্রহণ এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।
বক্তারা আরও বলেন, ব্র্যাক ও ভিশনস্প্রিং দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে চোখের সেবা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি মানুষের উচিত চোখের যত্ন সম্পর্কে সচেতন হওয়া এবং সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চোখ পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।






Leave a Reply