কটিয়াদী সংবাদদাতা
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ। মাত্র ১৪ মাসে পবিত্র কোরআন হেফজ করে তিনি এই অনন্য অর্জন করেছেন।
হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র ছেলে। বর্তমানে তিনি কিশোরগঞ্জের বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদরাসায় অধ্যয়নরত।
১৪ মাসেই কোরআন হেফজ
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৩ বছর বয়সী মেধাবী এই ছাত্র প্রাথমিকভাবে কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদরাসা থেকে শিক্ষা শুরু করেন। পরবর্তীতে তিনি মাত্র ১৪ মাসের মধ্যেই সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করেন।
জাতীয় প্রতিযোগিতায় প্রথম
গত শনিবার রাজধানীতে আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। সেখান থেকে সেরা হয়ে আব্দুল্লাহ আল মুনাজ্জিদ কটিয়াদী তথা বাংলাদেশের গৌরব বৃদ্ধি করেছেন।
পরিবার ও প্রশাসনের প্রতিক্রিয়া
হাফেজ মুনাজ্জিদের বাবা মাসুম রানা বলেন—
“আমার একমাত্র ছেলে ১৪ মাসে কোরআনের হাফেজ হয়েছে। সে যেন দেশসেরা আলেম ও মাওলানা হতে পারে, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন—
“আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদী নয়, পুরো বাংলাদেশের গর্ব। জাতীয় কোরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।”






Leave a Reply