নিজস্ব প্রতিনিধি
একাত্তরের রণাঙ্গনে যে অকুতোভয় যোদ্ধা দেশের পতাকাকে সমুন্নত রাখতে মৃত্যুকে তুচ্ছ করেছিলেন, জীবনের শেষ বিদায়বেলায় সেই রাষ্ট্রের কাছ থেকেই পেলেন না কাঙ্ক্ষিত শেষ সম্মান। রাষ্ট্রীয় নিয়মের ‘সূর্যাস্ত’ আইনের বেড়াজালে পড়ে বিউগলের শেষ সুর আর গার্ড অব অনার ছাড়াই চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু লায়েস।
শুক্রবার (৬ মার্চ) রাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর ক্ষোভ ও হাহাকার বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু লায়েস শুক্রবার (৬ মার্চ) দুপুরে সিলেটে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৩০ বছর চাকরির সুবাদে তিনি সিলেটে স্বপরিবারে বসবাস করলেও তাঁর শেষ ইচ্ছা ছিল নিজ গ্রামে সমাহিত হওয়ার। কিন্তু সিলেট থেকে মরদেহ ভৈরবে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সূর্যাস্তের পর রাষ্ট্রীয় সম্মান প্রদানের বিধান নেই।
নিহতের নাতনী তোফাজ্জল হোসেন বলেন, আমার দাদা দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সারাজীবন দেশপ্রেম বুকে লালন করেছেন। আমাদের চাওয়া ছিল শেষ বিদায়ে তিনি যেন পূর্ণ রাষ্ট্রীয় সম্মান পান। কিন্তু সিলেটের আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ গ্রামে আনতে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেই সম্মানটুকু আর দেওয়া হলো না। নিয়মের দোহাই দিয়ে সব আয়োজন থমকে গেল। আমি দুপুরের দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করি কিন্তু রাতে জানাযা হওয়ায় সূর্যাস্তের পর রাষ্ট্রীয় সম্মান প্রদানের বিধান নেই বলে উনি জানান।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, একজন বীর সেনানিকে শেষ বিদায় জানানোর জন্য সূর্যাস্তের বিষয়টি বাধা হওয়া উচিত নয়। তারা বলেন, আবু লায়েস আমাদের গর্ব ছিলেন। সূর্যাস্তের দোহাই দিয়ে একজন বীরের শেষ সম্মান কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অন্ধকারের দোহাই নয়, বরং বীরের মহাপ্রয়াণে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতাই হওয়া উচিত ছিল প্রধান বিবেচ্য বিষয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ জানান, রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী, গার্ড অব অনার সূর্যাস্তের আগে প্রদান করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মরদেহ পৌঁছাতে অনেক দেরি হয়ে যাওয়ায় এবং সূর্যাস্ত পরবর্তী সময় হওয়ায় আমাদের পক্ষে গার্ড অব অনার প্রদান করা সম্ভব হয়নি।
পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার (৬ মার্চ) রাতেই নিজ গ্রাম জগন্নাথপুরে জানাজা শেষে লক্ষীপুর কবরস্থানে দাফন করা হয় এই বীর সেনানিকে।
দৃশ্যপট নিউজ/ NA





