ভৈরবে নিখোঁজের তিন দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকার রেললাইনের পাশের নির্জন ঝোপঝাড় থেকে তাঁর মরদেহ পাওয়া যায়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আলমগীর হোসেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামের মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে। তিনি ভৈরব বাজার শাখার জনতা ব্যাংক-এ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ মার্চ রোববার সকাল সাড়ে আটটার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলমগীর। তবে দুপুরের পর ব্যাংক থেকে তাঁর স্ত্রীকে জানানো হয়, তিনি অফিসে পৌঁছাননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় সেদিনই তাঁর স্ত্রী তাছলিমা আক্তার ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ ও পরিবার যৌথভাবে খোঁজাখুঁজি চালিয়ে আসছিল।

আরও জানযায়, পাঁচ বছর আগে আলমগীর ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। তাছলিমা ভৈরবের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সেই হিসেবে তাঁরা কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

তাছলিমা আক্তার বলেন, রোববার সকালে স্বাভাবিকভাবেই অফিসে যাওয়ার কথা বলে বের হন। পরে জানতে পারি, তিনি অফিসে যাননি। অনেক খোঁজ করেও পাইনি। ফোনও বন্ধ ছিল। পরে থানায় সাধারন ডায়েরি করেছিলাম।

তিনি আরও জানান, দাম্পত্য সম্পর্কে কিছু টানাপোড়েন ছিল এবং একবার আলমগীর বলেছিলেন, তিনি লাপাত্তা হয়ে যাবেন। তবে এমন পরিণতি তিনি কল্পনাও করেননি।

ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক মো. আসাব উদ্দিন বলেন, অফিস সময় পার হয়ে গেলেও আলমগীর সাহেব না আসায় আমরা উদ্বিগ্ন হই। ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। পরে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

নিহতের দুলাভাই খালেদ আহমেদ বলেন, খবর পেয়ে এসে মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখি। প্যান্টের হাঁটুর অংশ ছেঁড়া ছিল। আমাদের বিশ্বাস, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই মো. উহায়দুল ইসলাম বলেন, নিখোঁজের পর আমরা জিডি করি। আজ ইফতারের আগে ফোনে জানতে পারি, মরদেহ পাওয়া গেছে। শরীরে একাধিক চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে। তবে আমরা এটিকে সন্দেহজনক মনে করছি। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আসিবুল হক ভূঁইয়া বলেন, জিডির পর থেকেই আমরা খোঁজ চালাচ্ছিলাম। ফোনকলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। আজ সন্ধ্যায় খবর পেয়ে রেললাইনের পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ দৃশ্যপট নিউজকে জানান,মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ওপরই এখন নির্ভর করছে এই মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন।

দৃশ্যপট নিউজ/NA

  • Related Posts

    ভৈরবে মহাসড়কে সিএনজিতে মাদক পরিবহনচেষ্টা: ১২ কেজি গাঁজাসহ ৩ নারী আটক
    • March 2, 2026

    ভৈরব প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশায় কৌশলে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (২ মার্চ

    ভৈরবে শত কোটি টাকার হিসাব নিয়ে বিস্ফোরক অভিযোগ, ম্যানেজারের বিরুদ্ধে আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির দাবি
    • March 2, 2026

    নাজির আহমেদ আল-আমিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সিলেট বাসস্ট্যান্ড (ফল মার্কেট) এলাকায় অবস্থিত মেসার্স ভৈরব এন্টারপ্রাইজকে ঘিরে তার ম্যানেজার আনোয়ার পারভেজ এর বিরুদ্ধ শত কোটি টাকার লেনদেনে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    English
    drishapot-news