তাড়াইল প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দ এলাকার কুবাদীয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে আব্দুর রহিম নামের এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে খালে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।






Leave a Reply