তাড়াইল প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আফরোজ আলম ঝিনুক তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে।
তাড়াইল থানার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






Leave a Reply