কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকৃতি মাঝে মাঝে এমন সব অদ্ভুত খেলা দেখায়, যা বিজ্ঞানকেও বিস্মিত করে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরণশী গ্রামে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। সদ্যপ্রসূত একটি গাভী ও তার মাত্র ১৭ দিনের বাছুর একসঙ্গে দুধ দিচ্ছে! ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষক মো. হারুন অর রশিদের বাড়িতেই ঘটেছে এ আশ্চর্য ঘটনা। তিনি জানান, প্রায় দুই বছর আগে ৭৫ হাজার টাকায় গাভীটি কিনেছিলেন। সম্প্রতি গাভীটি একটি বাছুর প্রসব করে। জন্মের পরদিন থেকেই বিস্ময়ের শুরু—মাত্র ১৭ দিনের ওই বাছুরও দুধ দেওয়া শুরু করে।
এমন অবিশ্বাস্য দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছেন হারুন অর রশিদের বাড়িতে। কেউ কৌতূহল মেটাচ্ছেন, কেউ আবার বিস্ময়ে হতবাক হচ্ছেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ঘটনাটি।
সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সকলেই ভিড় জমাচ্ছেন এ অদ্ভুত দৃশ্য দেখার জন্য।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান বলেন, “আমরা জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। মা গাভী আর নবজাতক বাছুর একইসঙ্গে দুধ দিচ্ছে—এ সত্যিই অবিশ্বাস্য।”
করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার বলেন, “এটি অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত জন্মের কয়েক বছর না হলে কোনো বাছুর দুধ দিতে পারে না। এ কারণে ঘটনাটি বৈজ্ঞানিক গবেষণার দাবি রাখে।”
তিনি ধারণা করেন, নবজাতক বাছুরটির শরীরে দুধ উৎপাদনের জন্য দায়ী হরমোনগুলো অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে গেছে। তবে এটি কীভাবে সম্ভব হলো, তা নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এরইমধ্যে প্রাণিসম্পদ দফতর একটি মেডিকেল টিম গঠন করেছে। তারা মা গাভী ও বাছুর উভয়ের সার্বক্ষণিক তদারকি করছে। ডা. তালুকদার আরও জানান, বাছুরের দেওয়া দুধও অন্যান্য গাভীর দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিগুণসম্পন্ন, যা মানুষের জন্যও উপযোগী।
এমন বিরল ঘটনার কারণে পূর্ব চরকরণশী গ্রাম এখন সরগরম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনায় মুখরিত থাকে হারুন অর রশিদের বাড়ি। প্রকৃতির এই অদ্ভুত খেয়াল দেখে অনেকেই বলছেন—অবিশ্বাস্য হলেও সত্যি।





Leave a Reply