বিনোদন ডেস্ক
কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন এই খ্যাতিমান শিল্পী।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান দিয়ে পরিচিতি পেলেও পরবর্তীতে লালনসংগীতের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। লালনগীতি গাওয়ার স্বতন্ত্র ভঙ্গি, গভীর কণ্ঠ আর আত্মমগ্ন পরিবেশনার জন্য তিনি দেশ-বিদেশে বিশেষভাবে পরিচিতি পান।
১৯৭৮ সালে তিনি একুশে পদক অর্জন করেন। এছাড়াও বাংলা সংগীতে অসামান্য অবদানের জন্য অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান ও দর্শনের প্রতি উৎসাহী করতে তার ভূমিকা ছিল অনন্য।
সংগীতাঙ্গনের মানুষেরা বলছেন, ফরিদা পারভীনের মৃত্যুতে লালনগীতির ভুবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।







Leave a Reply