নিকলী প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজ থাকার সাত দিন পর হাছমা বেগম (৩৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাছমা বেগম ওই গ্রামের মৃত আ. মজিদের মেয়ে। তিনি অবিবাহিত ও বাক-প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিনই পরিবারের পক্ষ থেকে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।





